জয়ার প্রশংসায় পার্বতী | Daily AjKaler Kontho

জয়ার প্রশংসায় পার্বতী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
জয়ার প্রশংসায় পার্বতী

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বাংলাদেশ ছাড়াও টালিউডে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। এ অভিনেত্রী ঢালিউড-টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। সবশেষে এ অভিনেত্রীকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

দক্ষিণী সিনেমার গুণী এ অভিনেত্রীর ‘থাঙ্গালান’ সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি। যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সেই মালয়ালাম অভিনেত্রীর মুখেই শোনা গেল জয়া আহসানের প্রশংসা।

‘থাঙ্গালান’ ছবিটি নিয়ে পার্বতী বলেন, গ্ল্যামারাস চরিত্রে অভিনয় না করলেও এখানে আমার মেকআপ করতে অনেক বেশি সময় লেগেছে। প্রতিদিন আমার প্রায় আড়াই ঘণ্টা মেকআপের পেছনে যেত। চড়া রোদের মধ্যে শুটিং হতো। তিনি বলেন, একদিন পরিচালক বেলা ২টার সময় আমাদের কৃষিকাজ করতে বলেছিলেন। তাপে আমরা ঝলসে যেতাম। আসলে পরিচালক এটাই চেয়েছিলেন। ছবিতে আমাকে গ্ল্যামারাস লুকে দেখা যায়নি। তবে এই লুক আমার দারুণ ভালো লেগেছিল। আসলে আমি নিজেকে যে কোনো রূপেই ভালোবাসি।

দক্ষিণীর দাপুটে এ অভিনেত্রী খানিকটা অভিমান নিয়ে বলেন, আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি ছবি করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি। দক্ষিণী শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা আছে। কিন্তু আমার নেই। আমি তো দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন।