জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় সংক্ষুব্ধ এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেন।

এতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন অভিযুক্তরা। ওইসব তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তথ্য বিক্রির প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয় মামলায়।