শরীয়তপুরের জাজিরায় আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরায় আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শরীয়তপুরের জাজিরায় আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় আম বাগান থেকে লতিফ মোড়ল (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এর আগে গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লতিফ মোড়ল একই উপজেলার ইয়াসিন আকন কান্দি এলাকার সামসুল মোড়লের ছেলে।

স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লতিফ মোড়ল নামের ওই যুবকের একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। অন্তত আট বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। তবে মেয়েটির সাথে তার যোগাযোগ ছিলো। শুক্রবার সন্ধ্যায় মেয়েটির সাথে মাঝিরঘাট এলাকায় গেলে স্থানীয়রা লতিফ মোড়লকে মারধর করে ও আটকে রাখে। বিষয়টি লতিফ মোড়লের পরিবারকে জানালে তারা যাওয়ার আগেই লতিফ মোড়লকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। এরপর থেকেই লতিফ মোড়লের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০ টার দিকে পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকার একটি আম বাগানে লতিফ মোড়লের ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

লতিফ মোড়লের ভাই সজিব মোড়ল বলেন, ওই মেয়ে বিয়ের পরেও আমার ভাইকে ফোন দিতো। তাছাড়া মেয়ের স্বামী সালামও ভাইয়ার সাথে কথা বলতো। কাল সালাম ফোন দিয়ে আমার ভাইকে ডেকে নিয়েছে। ওরা মিলেই আমার ভাইকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় ফাঁস নিয়েছে ওই যুবক। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।