ফিশারি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

ফিশারি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
ফিশারি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি ফিশারি থেকে মোছা. অজুফা (২৮) নামে এক বিধবা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফিশারির খুঁটিতে বাঁধা ছিল ওই গৃহবধূর মরদেহ।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বাঁলিখা ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামের জনৈক আল আমিনের ফিশারি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর সন্দেহ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এ মৃত্যু রহস্য উদঘাটন করা হোক।

নিহত গৃহবধূ পূর্বমালিডাঙ্গা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। তার এক কন্যা সন্তান রয়েছে বলেও নিশ্চিত করেছেন তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী।

পরিবারের বরাতে ওসি জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিজের গৃহপালিত গবাদি পশুর জন্য ঘাস কাটতে বের হন ওই গৃহবধূ। এরপর দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে আসেননি। এতে স্বজনরা তার খোঁজ করতে বের হন। এক পর্যায়ে জনৈক আল আমিনের ফিশারিতে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় এ গৃহবধূর মরদেহের সন্ধান পেয়ে ঘটনাটি পুলিশকে জানান তার স্বজনরা।

ওসি আরও জানান, পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।