ট্রাক-বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০ | Daily AjKaler Kontho

ট্রাক-বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
ট্রাক-বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে গেছে ও ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।