মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে পুশব্যাক | Daily AjKaler Kontho

মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে পুশব্যাক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন
মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে পুশব্যাক

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরের দিকে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত চারটার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ৯ পুরুষ ও ৫ নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। পায়ে হেঁটে তারা সোনাপুর গ্রামের ভেতরে গিয়ে ভ্যান গাড়ি যোগে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান। সেখানে স্থানীয় সাংবাদিকরা তাদের গন্তব্যে ফেরার ভিডিও ধারণ করেন।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা সকলেই দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার এক পর্যায়ে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। বেশ কিছুদিন হাজতবাসের পর গত রাতে তাদেরকে আনা হয় সোনাপুরের ওপারে বিএসএফ ক্যাম্পে। সেখানে তাদের আঙ্গুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয়।

ভারত থেকে ফিরে আসা কয়েকজন জানান, তাদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়। ভোরে কেদারগঞ্জ থেকে বিভিন্ন যানবাহন যোগে তারা গন্তব্যে ফিরেছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, পুশব্যাকের বিষয়টি পুলিশের কাছে কোন তথ্য নেই। বিজিবির কাছে কোন তথ্য আছে কি না সে বিষয়েও তিনি কিছু জানেন না।

পুশব্যাকের বিষয়ে জানতে চেয়ে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার খালেক বলেন, পুশব্যাকের কোনো তথ্য আমাদের কাছে নেই।