পুলিশের লাঠিপেটায় পণ্ড গণতন্ত্র মঞ্চের কর্মসূচি | Daily AjKaler Kontho

পুলিশের লাঠিপেটায় পণ্ড গণতন্ত্র মঞ্চের কর্মসূচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
পুলিশের লাঠিপেটায় পণ্ড গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

আজকালের কন্ঠ ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ‘লোপাট’ ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটায় গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে মঞ্চের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন।

এক পর্যায়ে মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে। তাতে গণতন্ত্রর মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে সাইফুল হকের ভাষ্য।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম বলেন, ‘উনাদের কর্মসূচি ছিল। এখানে এসে তারা অবস্থান নিয়েছিলেন।

এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে শাহ আলম জানান। তবে ঠিক কতজন আটক হয়েছেন, বা তাদের নাম পরিচয় কী, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু তিনি বলতে পারেননি।