বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা | Daily AjKaler Kontho

বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় বীথি সমদ্দার (২৫) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকাণ্ডের পর ৯৯৯-এ কল করে ঘাতক স্বামী আাত্মসমর্পণ করতে চাইলে পুলিশ তাকে আটক করে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বীথি সমদ্দার নামের ওই গৃহবধূকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বিকেল পৌনে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় বীথি সমদ্দারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ৫ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বীথি সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। তাদের সংসারে সুপ্তী রায় নামের ৩ বছর বয়সি কন্যাসন্তান রয়েছে।

এ সময় সুমন গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যার কথা জানান এবং পুলিশের কাছে আাত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এসে তাকে আটক করে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সুমন রায়। এ ব্যপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বীথির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।