স্কুলছাত্র হত্যার ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড | Daily AjKaler Kontho

স্কুলছাত্র হত্যার ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন
স্কুলছাত্র হত্যার ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : জয়পুরহাটে দীর্ঘ ২২ বছর পর চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ আসামি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বেদারুল ইসলাম বেদীন, সরোয়ার হোসেন সুমন, মশিউর রহমান এরশাদ, মনোয়ার হোসেন মনছুর, নজরুল ইসলাম, রানা, শাহী, টুটুল, সুজন, রহিম ও ডাবলু। তাদের মধ্যে ১ জনের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট ও বাকী সকলের বাড়ি জয়পুরহাটে শহরের বিভিন্ন এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেল ৫টার সময় জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে পাঁচুরচক মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন (১৬) বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামিরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যায়। এরপর ভিটি পশ্চিম হাজীপাড়া এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা।

এরপর ঘটনার দিন রাতে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে মোয়াজ্জেম মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে পরের দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।