নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সত্য চন্দ্র শীলকে (৫৫) লালমনিরহাটের আদিতমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পর থেকে নাগেশ্বরী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার পারভেজসহ একটি দল জানতে পারে আসামি সীমান্তবর্তী এলাকা লোহাকুচি বর্ডার হয়ে পালানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পলাতক ঘাতক সত্য চন্দ্র শীলকে কুড়িগ্রামের পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও হত্যাকাণ্ডে আসামি কর্তৃক স্ত্রীকে হত্যায় ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধারালো কুড়াল ও আসামির পরিহিত সাদা রঙের রক্ত মাখা সোয়েটার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।