পাগলি মা হলেও বাবা হয়নি কেউ! | Daily AjKaler Kontho

পাগলি মা হলেও বাবা হয়নি কেউ!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
পাগলি মা হলেও বাবা হয়নি কেউ!

আজকালের কন্ঠ ডেস্ক : মানসিক ভারসাম্যহীন এক নারী মা হলেও বাবা হয়নি কেউ! বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালে ওই পাগলী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলেই নবজাতক কন্যা শিশুটিকে বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ার গৈলায় (ছোটমনি নিবাস) হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী (৩৫) গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগল হিসেবেই চেনেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, বুধবার দুপুরে বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছেন।