
আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের ওপরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরকেওয়ার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেনকে (৫২) মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের বিরুদ্ধে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মারধরের শিকার হন তার স্ত্রী রোজিনা বেগম ও তার শিশুকন্যা মাইশা ইসলাম।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের ঘটনায় আহত ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি বলে স্বতন্ত্র প্রার্থীর হাজী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সর্মথক যুবলীগ নেতা আফজাল, গ্লাসি, সম্রাটসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপর অর্তকিতে হামলা চালিয়ে নৌকার পক্ষে কাজ না করার হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে রয়েছি।
মুন্সীগঞ্জ সদর সার্কেল থানার ওসি খায়রুল হাসান বলেন, মারধরের ঘটনার কথা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :