২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না | Daily AjKaler Kontho

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন
২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ঝালকাঠির নলছিটিতে দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

শাহীন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের সহযোগিতায় নলছিটি থানার এএসআই জসীমউদ্দিন ও এএসআই আওলাদ হোসেন শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।