গোবিন্দগঞ্জে হিন্দু পরিবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি | Daily AjKaler Kontho

গোবিন্দগঞ্জে হিন্দু পরিবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে হিন্দু পরিবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি হিন্দু পরিবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে নানা হুমকি দেয়ায় হিন্দু পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকার ৫ ডিসেম্বর মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আলমগীর,সাদেকুল,আরিফ গংরা সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্র লাঠি-সোটা হাতে বসতবাড়িতে অনুপ্রবেশ করে এ হত্যাচেষ্টা চালালে প্রতিবেশিরা এগিয়ে আসায় ব্যর্থ হয়ে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সুরজিত কুমার বর্মণ গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায় যে, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় সুরজিত কুমারের পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করত। প্রায়সই বসতবাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করত। গত ৩ ডিসেম্বর রবিবার দিবাগত মাঝ রাতের অন্ধকারে তাদের এক জনকে সুরজিতের বসতবাড়িতে দেখা যায়। পরে এর কারণ জানতে চাওয়ার জেরে ঘটনার দিন তারা সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্র হাতে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অতর্কিত অনুপ্রবেশ করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে বাঁধা দেয়ায় তাদের সে চেষ্টা ব্যর্থ হলে হামলাকারীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্রগুলো পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। হিন্দু পরিবারটিকে ও উপস্থিত প্রতিবেশিদেরকে হামলাকারীরা বিভিন্ন হুমকি প্রদান করে চলে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুকুর থেকে ধারালো চায়নিজ কুড়ালসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভূগছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।
স্থানীয়রা বিষয়টি পুলিশ প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এস আই রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তরা পলাতক রয়েছে তবে তাদের গ্রেফতারের চেস্টা চলছে।