করোনাভাইরাস অনেকদিন বয়ে বেড়াতে হবে -মতিয়া চৌধুরী | Daily AjKaler Kontho

করোনাভাইরাস অনেকদিন বয়ে বেড়াতে হবে -মতিয়া চৌধুরী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২০, ৬:১৭ অপরাহ্ন
করোনাভাইরাস অনেকদিন বয়ে বেড়াতে হবে -মতিয়া চৌধুরী

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, একটা ভাইরাসকে তিন বছর ল্যাবরেটরিতে ফেলে রেখে কর্মতৎপরতা বা জাগ্রত থাকার পরিচয় দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তিনি রোববার সকালে শেরপুরের নালিতাবাড়ীর গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের শুভেচ্ছা হিসেবে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আমরা বিনা পয়সায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য গ্রহণ করি না, আমরা সেখানে চাঁদা দেই। কাগজে দেখলাম করোনাভাইরাস এইডসের মতো অনেকদিন বয়ে বেড়াতে হবে। ভালো হলে আবার রিভাইভ করতে পারে। তিনি বলেন, আসলে এটা হল সর্দি, জ্বর, নিউমোনিয়া, ব্রংকাইটিস সবকিছু মিলে একটা ককটেলের মতো।

তিনি আরও বলেন, রেশন বন্ধ করে জিয়াউর রহমান টিআর ও কাবিখা শুরু করেছে। বাংলায় সেটার নাম হল টেস্টি রিলিফ, মানে মজার খাওয়া আর কাবিখা মানে হল খাবি খা। কে কত খাবলা মেরে খেতে পারবি খা। গ্রাম বাংলার সাধারণ মানুষ সহজ-সরল তাদের গাড়লে পরিপূর্ণ করেছে জিয়াউর রহমান। সবাই সাধু তাও আমি বলব না। কিন্তু প্রত্যেকের গায়ে চোরের তকমা লাগিয়ে দিয়েছে জিয়াউর রহমান। এক হাত রাখল ঘাড়ে, আরেক হাত রাখল পিঠে। অর্থাৎ যত ইচ্ছা খাও।

মতিয়া চৌধুরী রোববার নালিতাবাড়ী উপজেলার ২টি ইউনিয়নে এবং নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ১ হাজার ৯২০ জনের মধ্যে ৩ লাখ ৮৪ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।

মতিয়া চৌধুরী তার নিজস্ব তহবিল থেকে নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর দুটি পৌরসভা ও ২১ ইউনিয়নে রোববার ও সোমবার প্রায় চার হাজার কর্মহীনের মাঝে নগদ ২শ’ টাকা করে ৭ লাখ ৩৬ হাজার টাকা দেবেন।

মতিয়া চৌধুরীর সঙ্গে আরও ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুস সবুর প্রমুখ।

আজকালের কন্ঠ /এমএম