সন্ধ্যায় ১৪ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রীর | Daily AjKaler Kontho

সন্ধ্যায় ১৪ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
সন্ধ্যায় ১৪ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রীর

আজকালের কন্ঠ ডেস্ক : ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গত মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকের জন্য শরিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় আমন্ত্রিত নেতাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।

জোটের প্রতিটি শরিক দলের দুজন করে (সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক) শীর্ষ নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের নীতিনির্ধারক কয়েকজন নেতা এই বৈঠকে থাকবেন। বৈঠকে আমন্ত্রিত সব নেতার করোনা পরীক্ষা রিপোর্ট বৈঠকের আগেই জমা দিতে বলা হয়েছে।

জোট সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের এক দফা আন্দোলন মোকাবিলায় করণীয় ঠিক করা হবে। সেইসঙ্গে দেশে বিদ্যমান পরিস্থিতি ও জনজীবনের সংকট মোকাবিলায় জোটের কার্যক্রম শক্তিশালী করার বিষয় নিয়েও শরিক নেতাদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা।

জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠকও হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।