আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের বিরোধিতার নামে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজকে তারা (বিএনপি) নরেন্দ্র মোদির বিরোধিতার নামে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এটা আমরা মনে করি এবং এটাই আজকে জাতির বিশ্বাস। আসলে নরেন্দ্র মোদির আগমন নয়, মুজিববর্ষ হচ্ছে তাদের টার্গেট।
মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উদযাপনের শুভক্ষণ ঘনিয়ে আসছে। এই দিনটিকে সামনে রেখে কিছু সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে। মুজিববর্ষ সামনে রেখে সারা বিশ্বে ও বাংলাদেশে যে বর্ণাঢ্য আয়োজন, যা জনগণের মাঝে ঐক্যবদ্ধ আয়োজনের আবহ বিরাজ করছে-এটা বিএনপি ও তার দোসরদের সহ্য হচ্ছে না।
তিনি আরও বলেন, আমাদের প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। মুজিববর্ষ উদযাপনে সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে। সেখানে এই অশুভ মহল ও সাম্প্রদায়িক শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পরে। যাতে আমাদের এই আয়োজনকে নস্যাৎ করতে না পারে। সেজন্য চক্রান্ত ও অপতৎপরতাকে প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তাকে সাম্প্রদায়িক অপশক্তি ভয় পায়।
তিনি আরও বলেন, আমরা যেন বাড়াবাড়ি করে বঙ্গবন্ধুকে ছোট না করি, খাটো না করি। খুব বেশি বঙ্গবন্ধুপ্রেমী হতে গিয়ে, তার বিশাল ভাবমূর্তিতে আচড় না কাটি। এটা আমাদের নেত্রী বারবার মনে করিয়ে দিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
আজকালের কন্ঠ /এসকে
আপনার মতামত লিখুন :