চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা | Daily AjKaler Kontho

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত ডিনদের সমন্বয়ে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট বা উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।

এদিকে চলতি বছরের চবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চূড়ান্ত হলেও কোনো ইউনিটের পরীক্ষা কবে, সেটি এখনও জানা যায়নি।

চবি ভর্তিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চবির ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরে, এর মধ্যে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলের জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। আর পরীক্ষায় পাস নম্বর হবে ৪০।