পাসপোর্ট করাতে এসে দুই রোহিঙ্গা আটক | Daily AjKaler Kontho

পাসপোর্ট করাতে এসে দুই রোহিঙ্গা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন
পাসপোর্ট করাতে এসে দুই রোহিঙ্গা আটক

আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসায় দুই নারী রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১-এর ডি ব্লকের খুরশিদা আক্তার (১৯) এবং অপরজন ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯-এর হাসিনা আক্তার বেবি (১৮)।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন বলেন, তারা কুড়িগ্রামের জন্ম সনদ তৈরি করে পাসপোর্ট করাতে আসে। তাদের সঙ্গে কথাবার্তা মনে হয়েছে তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করে।