জন্মদিনে পরীর চমক, কাঁদলেন রাজ! | Daily AjKaler Kontho

জন্মদিনে পরীর চমক, কাঁদলেন রাজ!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ৪:০৬ অপরাহ্ন
জন্মদিনে পরীর চমক, কাঁদলেন রাজ!

বিনোদন ডেস্ক : ঢালিউডের গ্ল্যামারগার্ল পরীমণি। বরাবরের মতো এবারও জমকালো আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেছেন নায়িকা। প্রথমবার ছেলের হাত ধরে কেক কাটার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মা পরীকে। তবে তার দেওয়া সারপ্রাইজে আবেগে কেঁদেছেন স্বামী শরিফুল রাজ।

পরীর এবারের জন্মদিনের আসর বসেছিলো রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। রাত সাড়ে ১১টার দিকে স্বামী-সন্তানকে নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন নায়িকা। মিষ্টি হাসি আর সাদা-অ্যাকুয়ার মিশ্রণে ফ্লোরটাচ গাউনে আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন তিনি।

এবারের আয়োজনে বিশেষ চমক থাকবে, এমনটা আগেই জানিয়েছিলেন পরীমণি। তিনি কথা রেখেছেন। অতিথিদের জন্য একটি ভিডিও বানিয়েছিলেন নায়িকা। যেখানে রাজের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে রাজ্যের জন্ম পর্যন্ত নানা সময়ের ঘটনা উপস্থাপন করেছেন। স্ত্রীর এমন সারপ্রাইজে আবেগাপ্লুত হয়ে পড়েন রাজ। তিনি কান্নাভেজা চোখে পরীকে জড়িয়ে ধরে কপালে চুমুর ছোঁয়া একে দেন। সে সময় পরীও তাকে শক্ত করে আলিঙ্গন করেন। দু’জনের ভালোবাসার মুহূর্তটি অতিথিদের চোখেও জল এনে দেয়। মুহূর্তেই সকলে করতালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

এরপর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে মঞ্চে ওঠেন রাজ-পরী। কেক কাটার আগ মুহূর্তে নানা শামসুল হক গাজীকে মঞ্চে আনেন রাজ। প্রিয় তিনজন মানুষকে (নানা, রাজ, রাজ্য) সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন পরীমণি। আর এভাবেই মা পরীর প্রথম জন্মদিনটি স্মৃতির পাতায় বন্দি হয়।

আজকালের কন্ঠ /এম