ফেনী কলেজের শতবর্ষপূর্তিতে লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন | Daily AjKaler Kontho

ফেনী কলেজের শতবর্ষপূর্তিতে লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ৬:৫৩ অপরাহ্ন
ফেনী কলেজের শতবর্ষপূর্তিতে লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ প্রাণে মিলুক প্রাণ এ স্লোগ্যান সামনে রেখে ফেনী সরকারী কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীও বের করে প্রাক্তন শিক্ষার্থীরা। র‌্যালী ফেনী সরকারী কলেজ মিলনায়তন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১৫ অক্টোবর শনিবার সকালে ফেনী সরকারী কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবৰ্ষ পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনী সরকারি কলেজের শতবর্ষ উৎসবের বর্ণিলতা আগামী ২’শ বছরেও ইতিহাসেও যেন ছাড়িয়ে যেতে না পারে, এমন আয়োজন করা হবে। সকলের অংশগ্রহণে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে যেখানে অংশগ্রহণ করবে দেশবরেণ্য এই কলেজের কৃতি শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে নবীন-প্রবীণের উপস্থিতিতে প্রাণে মিলবে প্রাণ।

তিনি বলেন, আমি ফেনী কলেজের ছাত্র নই। তবে এ কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভুমি দিয়ে অবদান রেখেছে আমার বাবা -দাদারা। সে কলেজে অধ্যয়ন করে শিক্ষার্থীরা যদি ভাল ফলাফল করে তাহলে আমরা বেশি খুশি হবো। বর্তমানে ফেনী কলেজে পড়াশোনার দারুন পরিবেশ রয়েছে। যেখানে নেই রাজনৈতিক বিশৃঙ্খলা। শান্ত পরিবেশ বিরাজ করছে। সমৃদ্ধ এই কলেজের ইতিহাস অনেক দীর্ঘ। মহান স্বাধীনতা যুদ্ধে ফেনীর ইতিহাসে এই কলেজ বিশাল অংশ জুড়ে রয়েছে। তৎকালীন সময়ে এই কলেজের ছাত্ররা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।অনেকেই শহীদ হয়েছেন। সে ঐতিহ্যবাহী কলেজ আজ শতবর্ষপূর্তি উদযাপন করছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে পাশে থাকব। আপনাদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব ও সহযোগি অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের সাবেক ছাত্র ও অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (পশ্চিম) ডেপুটি কমিশনার জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আবু তাহের, প্রাক্তন ছাত্র ও ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, প্রাক্তন ছাত্র ও হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনীর সভাপতি শুকদেব নাথ তপন, প্রাক্তন ছাত্র ও উদযাপন পরিষদের উপদেষ্টা মাঈন উদ্দিন আহমেদ কামরান, প্রাক্তন ছাত্র ইফতেখারুল ইসলাম, বদিউল আলম বেলাল ও সাহাব উদ্দিন আহমেদ শিকদার।
সভায় জানানো হয়, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত ও বর্তমান শিক্ষার্থীরা ১ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত www.fgc100celebration.com লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শতবর্ষপূর্তি উৎসব উদযাপনের লক্ষে আগে আসলে আগে পাবে ভিত্তিতে ৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী ও ২ হাজার নিয়মিত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। প্রাক্তন শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশনের সময় তার স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, মা এর মধ্যে যেকোন ১ জন সদস্যের জন্য নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বর্তমান শিক্ষার্থীরা পরিবারের সদস্যের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা, অতিথি ৩ হাজার টাকা ও নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা।

নির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া মাত্র অন লাইন ভিত্তিক রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত; দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীনতম বিদ্যাপীঠ ফেনী সরকারী কলেজ ২০২২ সালের ৮ আগস্ট শতবর্ষে পা দিয়েছে। ফেনী সরকারী কলেজের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীরা একটি অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে পর পর ৩ টি উন্মুক্ত সভার মাধ্যমে গত ৩ আগস্ট সর্বসম্মতভাবে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে প্রধান উপদেষ্টা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও ফেনী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এইচএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমানকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৮ ও ১৬ আগস্ট আরো ২টি সভার মাধ্যমে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ও প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে পরামর্শক্রমে ৫ সেপ্টেম্বর ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি, ৩৮ সদস্যের উদযাপন পরিষদ ও ১৬টি উপ-কমিটি গঠন করা হয়।

আজকালের কন্ঠ /রাকিব