মোঃ মোশারফ হোসেন দশমিনা ( পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় দোকানের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে একজনকে এক মাসের ও চার জনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী বাজারে জাহিদ হোসেনের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মাছুয়াখালী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে জাহিদ হোসেন (৪২), মৃত সেফের পালোয়ানের ছেলে হারুন (৫০), আব্দুল লতিফ হাওলাদারের ছেলে ফজলু (৪২), শহিদুল দফাদারের ছেলে রাহাত (২২) এবং পাশ্ববর্তী বড়গোপালদী গ্রামের আঃ মন্নানের ছেলে হারেজ (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বাজারে জাহিদ হোসেনের দোকানে দন্ডপ্রাপ্তরা প্রকাশ্যে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলছিলো। এ সময়ে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় জাহিদকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর চারজনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে কারাদন্ড প্রাপ্ত ওই পাঁচ জনের প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ডও করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ওই পাঁচজনকে “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭” এর ৩ ও ৪ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :