ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে রেলসেতুর পিলারে ফাটল | Daily AjKaler Kontho

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে রেলসেতুর পিলারে ফাটল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ১:৪৩ অপরাহ্ন
ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে রেলসেতুর পিলারে ফাটল

সিরাজগঞ্জ প্রতিনিধি : একশ’ বছরেরও বেশি সময় আগে স্থাপিত ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলসড়কের সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে সড়কের ২৫ নম্বর রেলসেতুটির পিলারে দেখা দিয়েছে ফাটল।

ফলে সেতুর ওপর দিয়ে ধীরগতিতে চলাচল করছে ঢাকা-উত্তর-পশ্চিমাঞ্চলের ৪২টি ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, সেতুর সংস্কার কাজ চলছে। এ কারণে দু-পারে ট্রেন থামিয়ে ধীরগতিতে পার করা হচ্ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯১৫-১৬ সালে তৎকালীন বৃটিশ সরকার পাবনার ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত চলনবিলের বুক চিরে একটি রেলসড়ক তৈরি করে। এ রেলসড়ক নির্মাণের সময়ই নির্মাণ করা হয় পাকশীর হার্ডিঞ্জ ব্রিজসহ বেশ কয়েকটি সেতু। যেসব সেতুর স্থায়ীত্বকাল ধরা হয়েছিল ১০৫ বছর। এরই মধ্যে সেতুগুলো শতবর্ষ পূরণ করেছে।

এসব সেতুর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার বাউনজান এলাকায় চলনবিলের একটি শাখা নদীর ওপর দিয়ে গেছে ২৫ নম্বর রেলসেতু। সম্প্রতি সেতুটির পিলারে ফাটল ও ক্ষত দেখা দিয়েছে। পিলারে ইটের গাঁথুনিতে ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে সংস্কার কাজও শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগ।

ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, ২৫ নম্বর সেতুতে কিছু ফাটল দেখা দিয়েছে, সেখানে সংস্কার কাজ চলছে।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসানুর রহমান বলেন, ২৫ নম্বর সেতুর সংস্কার কাজ করা হচ্ছে। এতে ট্রেন চলাচলে তেমন ঝুঁকি নেই। পাকশীর হার্ডিঞ্জ ব্রিজসহ সবগুলো সেতুই একশ’ বছরেরও বেশি সময় পার করেছে। এ কারণে প্রতি বছরই এসব সেতু সংস্কার করা হয়। ২৫ নম্বর সেতুটির সংস্কার কাজ চলছে। আর সংস্কার কাজের জন্যই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই ট্রেনের গতি কমানো হয়।

আজকালের কন্ঠ /আর