মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৩:৩৫ অপরাহ্ন
মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে তামিম মোল্যা(১৫) নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়েনের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলা বাগান থেকে ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্র তামিম মোল্যা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের ইকরাম মোল্যার ছেলে। সে লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।

নিহত মাদ্রাসাছাত্রের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় তামিম মোল্যা। এরপর আর বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে আজ ভোরে বাড়ির পাশের একটি কলা বাগানের মধ্যে তামিমের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের লিয়াকত খন্দকারের কলা বাগানে একটি মরদেহ পড়ে আছে খবর পাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মাদ্রাসা ছাত্র অনিয়মিত, সাংসারিক কাজ করে। গতকাল সন্ধ্যার পরে তার মোবাইল ফোনে একটা কল আসে তারপর সে বাড়িতে থেকে বের হয়। সম্ভাব্য অনেক যায়গায় তাকে খোঁজাখুজি করা হয়েছে কিন্তু পায়নি। সকাল বেলা তার লাশ পাওয়া গেছে। তার গলায় ও চোখে জখম আছে।

আকাক /রাকিব