সংসদ নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে চায় ইসি | Daily AjKaler Kontho

সংসদ নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে চায় ইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ১২:১৫ অপরাহ্ন
সংসদ নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে যাচাই করা হচ্ছে বিভিন্ন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সুফল। কমিশন সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচনের আগে সামগ্রিক পরিবেশ-পরিস্থিতি ও অর্থ বরাদ্দ বিবেচনায় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তবে শুধু সিসি ক্যামেরা বসানোয় সমাধান দেখছেন না নির্বাচন পর্যবেক্ষকরা।

সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহার করা হয় ৮৫০টি সিসি ক্যামেরা। প্রতি ভোটকেন্দ্রে দুটি করে মোট ২০৪টি, প্রতি ভোটকক্ষে একটি করে মোট ৬৪০টি এবং অন্যান্য স্থানে ছয়টি ক্যামেরা স্থাপন করা হয়। এভাবে ভোট পর্যবেক্ষণ করা হয় আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে।

ইসি কর্মকর্তাদের দাবি, এ কারণে সহিংসতা এড়ানো গেছে। কেন্দ্র নিয়ে অভিযোগের সুযোগ পায়নি কোনো পক্ষ।

বর্তমানে বিভিন্ন ভোটে ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা। সার্বিক বিবেচনায় যে কোনো ধরনের অভিযোগ, বিশৃঙ্খলা এড়াতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে ইসি।

এ বিষয়ে ইসির আইডিয়া প্রকল্প-২ এর ডিপিডি কমিউনিকেশন অফিসার স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম জাগো নিউজকে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার পরিকল্পনা রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। বিগত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ করতে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। এতে সুফল মিলেছে। সেই ভোটে যেসব অভিযোগ এসেছিল, সেগুলোর কিন্তু প্রমাণ সিসি ক্যামেরার ফুটেজে মেলেনি। সুতরাং, সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে ভোট নিয়ে যেসব অভিযোগ আসে সেগুলোর অনেকটা সমাধান মিলবে। এক্ষেত্রে কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা করার সাহস পাবে না।

আজকালের কন্ঠ /রাকিব