হাঁসের খোপে মিলল ১১ ফুটের অজগর | Daily AjKaler Kontho

হাঁসের খোপে মিলল ১১ ফুটের অজগর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ২:৫৫ অপরাহ্ন
হাঁসের খোপে মিলল ১১ ফুটের অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : হাঁসের খোপে (ঘর) খাবারের সন্ধানে ঢুকেছিল ১১ ফুট লম্বা অজগরটি। সাপটি খোপে ঢোকামাত্রই ছুটাছুটি শুরু করে দেয় হাঁসগুলো। তাদের অস্বাভাবিক ডাকাডাকি শুনে ঘুম ভাঙে বাড়ির লোকজনের। তারা খোপ খুলতেই দেখে ভেতরে বিশাল এক অজগর।

এরই মধ্যে খেয়ে ফেলে তিনটি পাতিহাঁসও। খবর পেয়ে ওয়াইল্ড টিমসহ বন সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা গিয়ে উদ্ধার করেন অজগরটি।

বুধবার সকাল ৬টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউপির একেবারে সুন্দরবন লাগোয়া সোনাতলা গ্রামের কৃষক বিল্লাল খানের বাড়ির হাঁসের ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার বলেন, সকালে বাড়ির মালিক বিল্লাল খান তাকে মোবাইলে তাদের হাঁসের ঘরে অজগর ঢোকার তথ্য দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সহকর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে অজগরটিকে উদ্ধার করি। ১১ ফুট লম্বা এবং প্রায় ২০ কেজি ওজনের অজগরটি তিনটি পাতিহাঁস খেয়ে নড়াচড়া করতে পারছিল না। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় সাপটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যরা অজগরটি ধরে শরণখোলা রেঞ্জে নিয়ে আসেন। খাবারের খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ /আর