শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় | Daily AjKaler Kontho

শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২১, ১:২৩ অপরাহ্ন
শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়

ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল থেকেই যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীর চাপ।

এদিকে, পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত ৬০০ ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাক। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত যান ও গণপরিবহণে আসা যাত্রীদের নদীর পারাপারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

অন্যদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রী চাপ ও গাদাগাদি কম থাকলেও লঞ্চগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলছেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ রয়েছে। নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিস শিমুলিয়া ঘাটের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহীর চাপ রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।