দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily AjKaler Kontho

দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ১:০০ অপরাহ্ন
দুমকিতে ১২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১২৫ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো গ-৪৫-২৯৪৯) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির চালকের পাশের আসনে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ওই ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তার শরীর তল্লাশি করে পরিহিত এ্যাশ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা রঙের বায়ুরোধক জিপারে মোড়ানো অবস্থায় ১২৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২.৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি হলেন— মো. নাহিদুল ইসলাম ওরফে নওশাদ (২৮)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানিকগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে পটুয়াখালীর বাউফল এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাইভেটকারের চালক এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।