মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার


মো. খান ই আজম, মাদারীপুর (শিবচর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৭:২১ অপরাহ্ন
মাদারীপুরে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার

মাদারীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুই পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি চালানো হয় বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর থানার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা হাজী ইয়াসিন মোল্লার কান্দি এলাকায়। দুদু মিয়ার বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মজিবুর রহমান (২৭), তাঁর বাড়ি পদ্মা সেতু দক্ষিণ থানার হাজী নকরী মাদবর কান্দি এলাকায়; মাসুদ রানা (২৭), উকিল উদ্দীন মুন্সির কান্দি এলাকার বাসিন্দা; এবং আদি মাহমুদ হিমেল (২৫), শরীয়তপুরের জাজিরা থানার উত্তর খোসাল শিকদারের কান্দি এলাকার বাসিন্দা।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর থানার পশ্চিম রাস্তি এলাকায় লিটনের বালু বিক্রয়কেন্দ্রের সামনে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ ভূঁইয়াবাড়ী এলাকার জাহিদ সরদার (২৮), টুবিয়া এলাকার মাসুদ বেপারী (৩৬) এবং চর হোগলপাতিয়া এলাকার রুবেল খলিফা (৩২)।

জেলা পুলিশ জানায়, দুই অভিযানে মোট ৬৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি