
শিক্ষার্থীদের আন্দোলনের পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্বে) তানজিনা শাহরীনের স্বাক্ষরে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো প্রস্তাবের আলোকে ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দেওয়া হলো।
আদেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জারি করা আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই আদেশের আওতায় প্রকল্পটির ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। টানা ২৪ ঘণ্টা অনশনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির যুগ্ম সচিবের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম দাবি ছিল প্রকল্প পরিচালকের দায়িত্বে পরিবর্তন আনা। আন্দোলনের পর শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত এল।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাবিপ্রবি প্রশাসন আব্দুল গফুরকে তাঁর মূল পদ পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং প্রকল্প পরিচালক পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :