ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ: পানিসম্পদ মন্ত্রী | Daily AjKaler Kontho

ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ: পানিসম্পদ মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ: পানিসম্পদ মন্ত্রী

ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বাঁধ বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটি উদ্বোধন করতে আগামীকাল ফেনী সফর করবেন।

তিনি আরও বলেন, “মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।” টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনের পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচি উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি