সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ নিহত | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ নিহত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:২০ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক আহত হন। নিহত কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে নড়াইলের লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় একটি পরিবহন বাসের সাথে ধাক্কা লাগে।

এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের কন্ঠ/আর বি