দুমকিতে ফুটবল আনতে গিয়ে মিলল এক রাউন্ড গুলি | Daily AjKaler Kontho

দুমকিতে ফুটবল আনতে গিয়ে মিলল এক রাউন্ড গুলি


নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
দুমকিতে ফুটবল আনতে গিয়ে মিলল এক রাউন্ড গুলি

পটুয়াখালীর দুমকিতে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় দুমকি সরকারি জনতা কলেজ মাঠের পূর্ব পাশে একটি টিনের বেড়ার পাশে অর্জুন গাছের নিচে পুরোনো ইটের স্তূপের মধ্য থেকে গুলিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুমকি থানায় সংবাদ আসে, কলেজ মাঠের পূর্ব পাশে পুরোনো ইটের স্তূপের মধ্যে একটি গুলি পড়ে রয়েছে।

সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলিটি পড়ে থাকার বিষয়টির সত্যতা পান। পুলিশ জানায়, সৃজনী বিদ্যানিকেতনের কয়েকজন শিক্ষার্থী দুমকি সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠের পূর্ব পাশে টিনের বেড়ার কাছে অর্জুন গাছের নিচে পুরোনো ইটের স্তূপের ওপর চলে যায়। বল আনতে গিয়ে এক শিক্ষার্থী ইটের স্তূপের মধ্যে গুলির পেছনের অংশ দেখতে পায়। পরে বিষয়টি অন্যদের জানানো হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ধাতব তৈরি তামাটে রঙের একটি গুলি উদ্ধার করে। পুলিশের তথ্য অনুযায়ী, গুলিটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৫ ইঞ্চি। এর পেছনের অংশ মোটা ও গোলাকার এবং সামনের অংশ সুচালো। গুলিটির পেছনের অংশে ‘R A 42’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে সাক্ষীদের উপস্থিতিতে রোববার দুপুর ১২টা ৫ মিনিটে গুলিটি জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় কোনো আসামি বা অভিযুক্ত নেই এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, গুলিটি কোথা থেকে এবং কীভাবে ওই স্থানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানার জিডি নং-৫৫৭, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬, লিপিবদ্ধ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি