ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় | Daily AjKaler Kontho

ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড়


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড়

কখনো মেঘ, কখনো বৃষ্টি—বর্ষার শেষভাগের এমন আবহাওয়ায় বরিশালের গৌরনদীতে শিক্ষার্থী ও পথচারীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে মৌসুমি ফল কদবেল। ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ফুটপাতের পাশে বসেছে কদবেলের অস্থায়ী দোকান। প্রতিদিন এসব দোকানে কদবেল কিনতে ভিড় করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে ছোট ছোট দোকানে সাজিয়ে রাখা হয়েছে কদবেল। কোথাও দোকানের পাশে বসেই কদবেল খেতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। টক-মিষ্টি স্বাদের এ ফলটি লবণ, মরিচ ও মরিচের গুঁড়ো মিশিয়ে খাওয়ার কারণে এর স্বাদ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে কদবেলপ্রেমীদের আনাগোনাও বাড়ছে।

কদবেল ভাদ্র মাসের অন্যতম পরিচিত মৌসুমি ফল। বর্ষার শেষভাগ থেকে শরৎকালে এ ফল পাকে এবং এ সময় বাজার ও সড়কের পাশে এর দেখা মেলে। গ্রামবাংলার মানুষের কাছে কদবেলের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বাদের সম্পর্ক। অনেকের কাছেই এটি শৈশবের স্মৃতিবিজড়িত প্রিয় একটি ফল।

ব্যবসায়ীরা জানান, আকার ও মানভেদে প্রতি পিস কদবেল ১৫ থেকে ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেশি হলেও অনেকেই স্বাদের কারণে আগ্রহ নিয়ে কদবেল কিনছেন।

সব মিলিয়ে ভাদ্রের মৌসুমি ফল কদবেল এখন শুধু ফল নয়, শিক্ষার্থী ও পথচারীদের কাছে হয়ে উঠেছে স্বাদ, ঐতিহ্য ও স্মৃতির এক আকর্ষণীয় অনুষঙ্গ।

আজকালের কন্ঠ/আর বি