
পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় ফরাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতার অভিযোগে তরিকুল ইসলাম সজল (২৬) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক হৃদয় ফরাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার নাছির ফরাজীর ছেলে। অপর আটক তরিকুল ইসলাম সজল একই এলাকার দেলোয়ার শেখের ছেলে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ১৫ আগস্ট রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে পিরোজপুর সদর থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় পৌর এলাকার ২নং ওয়ার্ডের কুমারখালী গ্রামের পাকা সড়কে উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে।
পুলিশের দাবি, আটকের পর তল্লাশি চালিয়ে হৃদয় ফরাজীর পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, তরিকুল ইসলাম সজলের দেহ তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। তবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে দাবি করেছে, তিনি হৃদয় ফরাজীর মাদক ক্রয়-বিক্রয়ের কাজে জ্ঞাতসারে ও সক্রিয়ভাবে সহযোগিতা করছিলেন।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়। এ ঘটনায় হৃদয় ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং তরিকুল ইসলাম সজলের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :