নেত্রকোণার কলমাকান্দায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোণার কলমাকান্দায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন


সুশীলআচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি : প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
নেত্রকোণার কলমাকান্দায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংহাটি ইউনিয়নের পানিশ্বরপাড়া গ্রামে অতর্কিত হামলা, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।রবিবার সকালে পানিশ্বর পাড়ায় গ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ৮০ বছর ধরে ব্যবহৃত কবরস্থানের জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী আমগড়া ও নুল্লাপাড়া গ্রামের লোকজনের সাথে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ই আগস্ট সকালে ভাড়াটে সন্ত্রাসী ও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পানিশ্বরপাড়া গ্রামে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা গ্রামের ৩৫ থেকে ৪০টি বাড়িঘর এবং দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এমনকি বিয়ের বাড়ির আয়োজনেও হামলা করে তারা। গ্রামের ময়না মিয়া নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির উপার্জনের একমাত্র সম্বল রাইসমিলটিও ভেঙে দেওয়া হয় এবং বেশ কয়েকটি গরুর ওপরও আঘাত করা হয়। সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ তাদের।

এই হামলায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের ভয়ে অনেকেই এখন হাসপাতালে আহতদের দেখতে যেতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে।

বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পানিশ্বরপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ। তারা বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানান।

আজকালের কন্ঠ/আর এস