
রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুল্লাহ (১৯) নামের এক যুবক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোকাইল গ্রামের শামসুল হকের ছেলে। তিনি চকবাজারের সোয়ারীঘাট এলাকায় থেকে স্থানীয় ‘তায়েবা এন্টারপ্রাইজ’ নামে একটি পলিথিন কারখানায় কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
নিহতের ভাই অলিউল্লাহ জানান, সোয়ারীঘাটের ওই পলিথিন কারখানার দ্বিতীয় তলায় সিলিং ফ্যান মেরামত করছিলেন হাবিবুল্লাহ। ফ্যানের তার জোড়া দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :