কুড়িগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন, গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন, গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
কুড়িগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন, গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের

বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

রোববার ২৬ জুলাই বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ব্যাপক রোপণ প্রয়োজন। বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির আয়োজন নয়, এটি পরিবেশ সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সুন্দর ও সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াত নেতা নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জুলাই যোদ্ধা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অতিথিরা মেলার বিভিন্ন নার্সারির স্টল পরিদর্শন করেন এবং দর্শনার্থী ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকদের জানানো হয়, মেলায় দেশি-বিদেশি নানা প্রজাতির উন্নতমানের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এই মেলা স্থানীয় মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি