রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ চোর মশিউর গ্রেফতার | Daily AjKaler Kontho

রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ চোর মশিউর গ্রেফতার


রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:২০ অপরাহ্ন
রাজবাড়ীতে ১৯ মামলার দুর্ধর্ষ চোর মশিউর গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ চোর মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে।

গতকাল ২৫ জুলাই (শনিবার) রাতে জেলা সদরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মশিউর রহমান মিঠুন রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার রহমত মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মোট ১৯টি মামলা রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি