
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। এ অভিযানে ইয়াবা এবং মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
অভিযান পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
কালাম সরদার (পিতা: মৃত সামছু সরদার, সাং: কানুদাসকাঠি): ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মোসা: রুপিয়া বেগম (স্বামী: কালাম সরদার, সাং: কানুদাসকাঠি): ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
শিউলি বেগম (স্বামী: কালাম সরদার, সাং: কানুদাসকাঠি): ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানুদাসকাঠি গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন ও কারবারের সাথে জড়িত থাকার দায়ে এবং অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :