ক্যাম্পাসে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাককানইবি শিক্ষার্থী | Daily AjKaler Kontho

ক্যাম্পাসে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাককানইবি শিক্ষার্থী


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ক্যাম্পাসে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাককানইবি শিক্ষার্থী

‎বিয়ের দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

‎সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।

‎পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে সাগরদিঘী নামক স্থানে তাকে বহনকারী সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহিদ সিএনজির সামনের সিটে বসা ছিলেন। সংঘর্ষের ফলে তিনি বুকে প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎জাহিদের এই অকাল ও নির্মম মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার এবং তার নিজ বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকদের মাঝে বিরাজ করছে স্তব্ধতা।

‎তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন থেকে জাহিদের জানাজায় অংশ নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বিশেষ বাস বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎এদিকে, জাহিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকালের কন্ঠ/আর বি