
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ডুবে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ দড়ি-বাহেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের সময় দক্ষিণ দড়ি-বাহেরচর গ্রামের মোঃ ইউনুস মৃধার বাড়ির দরজায় অবস্থিত ‘আল-আকসা জামে মসজিদ’ এর সামনের সাঁকো পার হচ্ছিলেন ওই তরুণ। এ সময় হঠাৎ তিনি পা পিছলে নিচের পানিতে পড়ে যান এবং তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পটুয়াখালী জেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পরে বেলা ১১:৩০ মিনিটের সময় খাল থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা সাড়ে এগারোটার দিকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় এবং মৃত্যু ব্যক্তির পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :