দেবিদ্বারে ধর্ষণ মামলায় আপোষের নামে অর্থ দাবী অভিযোগ | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ধর্ষণ মামলায় আপোষের নামে অর্থ দাবী অভিযোগ


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
দেবিদ্বারে ধর্ষণ মামলায় আপোষের নামে অর্থ দাবী অভিযোগ

কুমিল্লা দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মধুমুড়া গ্রামে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে আপস-মীমাংসার নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের পরিবারের দাবি, একটি প্রভাবশালী মহল মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দিয়ে তাদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেছে। তারা আরও অভিযোগ করেন, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাও করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, বর্তমান আইন অনুযায়ী ধর্ষণ একটি গুরুতর, অজামিনযোগ্য এবং আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ। ফলে অর্থের বিনিময়ে এ ধরনের মামলার নিষ্পত্তির চেষ্টা আইনের শাসন ও বিচারব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার খুরুইল গ্রামের মো. জসিম উদ্দিন ভূঁইয়ার বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তির কথা বলে অভিযুক্ত পক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই বৈঠকে কনস্টেবল দ্বীন ইসলাম, ছাত্রদল নেতা মহিউদ্দিন সরকার, আবুল বাসার সরকার, জহিরুল ইসলাম (কালা) এবং নোয়াখলা গ্রামের এক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, ভুক্তভোগী পরিবারের একজন সদস্য জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিষয়টির একটি সমাধান হতে পারে বলে তারা শুনেছেন। তবে তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী বিচার প্রত্যাশা করছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অজয় বলেন, “ধর্ষণ মামলায় কোনো ধরনের আপস-মীমাংসার আইনগত সুযোগ নেই। অভিযোগের সব দিক তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষণ মামলায় কোনো ধরনের রফাদফা বা আপসের সুযোগ নেই। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, ধর্ষণের মতো গুরুতর মামলায় আপসের নামে অর্থ লেনদেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা মূল মামলারও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি