গাইবান্ধায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ | Daily AjKaler Kontho

গাইবান্ধায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
গাইবান্ধায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে কার্যক্রমের সূচনা ঘোষণা করা হয়।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান (পর্চা), জমির নকশা/ম্যাপ উত্তোলনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজেই গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ১৬১২২ নম্বরে কল করে ভূমি বিষয়ক তথ্য ও অভিযোগ প্রদান করা যাবে বলেও জানানো হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু বলেন, ভূমিসেবা মেলা-২০২৬ আগামী ২১ মে পর্যন্ত চলবে এবং এ সময়ে সাধারণ মানুষকে সরাসরি বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে।

আজকালের কন্ঠ/আর বি