রসে ভরা সুস্বাদু মৌসুমী ফল লিচুর আগমনে খুশি লিচু প্রেমিকরা; চড়া দামেও উপচে পড়া ভিড় | Daily AjKaler Kontho

রসে ভরা সুস্বাদু মৌসুমী ফল লিচুর আগমনে খুশি লিচু প্রেমিকরা; চড়া দামেও উপচে পড়া ভিড়


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
রসে ভরা সুস্বাদু মৌসুমী ফল লিচুর আগমনে খুশি লিচু প্রেমিকরা; চড়া দামেও উপচে পড়া ভিড়

তরমুজের মৌসুম শেষ হতে না হতেই উত্তর জনপদের খাদ্য ভান্ডার নামে খ্যাত রাণীনগরের বিভিন্ন বাজারে রসালো ফল লিচুর সমাগম শুরু হয়েছে। জ্যৈষ্ঠের আগাম বার্তায় বাজারে আসা এই লিচুর দাম কিছুটা চড়া থাকলেও স্বাদ নিতে কার্পণ্য করছেন না লিচু প্রেমিক ক্রেতারা।

রাণীনগরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, পাকা টসটসে হরেক জাতের সুস্বাদু মৌসুমী ফল লিচু। তবে মাদ্রাজি, মোজাফফর ও বোম্বাই-এই তিন জাতের লিচুই এখন বাজারে বেশি প্রধান্য পাচ্ছে। জাতভেদে মাদ্রাজি লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ২৫০-২৮০ টাকা দরে। মোজাফফর লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩০০-৩৩০ টাকা দরে।বোম্বাই লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০-৩৮০ টাকা দরে।

উপজেলার আবাদপুকুর হাটের লিচু বিক্রেতা মোঃ মান্নান হোসেন জানান নতুন ফল হিসেবে বাজারে লিচুর চাহিদা ব্যাপক। সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বেশি, আবার আমাদের এই লিচু রাজশাহী ও দিনাজপুর থেকে আনতে হয় এতে গাড়ি ভাড়া বা কেয়ারিং খরচ অনেক বেশি তাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে লিচুর দাম কমার কোনো আলামত এখনই দেখা যাচ্ছে না।

বাজারে আসা ক্রেতারা জানান, মৌসুমের প্রথম ফল হিসেবে পরিবারের জন্য শখ করে লিচু কিনছেন তারা। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে আরও ভালো হতো বলে অনেকে মন্তব্য করেন। এদের মধ্যে সচেতন ক্রেতারা আবার লিচুতে ফরমালিন এবং লিচুর সৌন্দর্য বর্ধনে রং মাখানোর আশঙ্কা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন বাজারে লিচু উঠতে শুরু করেছে যা ইতিবাচক। তবে এই সময়ে অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একবারে শিশুদের অতিরিক্ত পরিমাণ লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে খালি পেটে শিশুদের লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

আজকালের কন্ঠ/আর বি