মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়ম: ঠিকাদারের কাজ বাতিল, পুনঃকার্যের নির্দেশ | Daily AjKaler Kontho

মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়ম: ঠিকাদারের কাজ বাতিল, পুনঃকার্যের নির্দেশ


কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১০:২১ অপরাহ্ন
মুরাদনগরে সড়ক প্রকল্পে অনিয়ম: ঠিকাদারের কাজ বাতিল, পুনঃকার্যের নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের সম্পাদিত কাজ বাতিল ঘোষণা করা হয়েছে এবং দ্রুত পুনঃকার্য সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, চান্দলা জিসি–সোনারামপুর সড়ক (ভায়া মাধবপুর, জানঘর, ডালপা ও হাটবলিবারি) প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে একাধিক অনিয়ম ধরা পড়ে।

তিনি বলেন, পরিদর্শনে দেখা যায় পূর্বে নির্মিত ও মজুদকৃত গ্যালভানাইজড পোস্ট যথাযথভাবে সাইট থেকে অপসারণ করা হয়নি। পাশাপাশি নতুন পোস্ট স্থাপনের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও নির্ধারিত মানদণ্ডও অনুসরণ করা হয়নি। কিছু পোস্টে নির্ধারিত দৈর্ঘ্যের চেয়ে কম মাপ পাওয়া গেছে এবং কোথাও পুরনো রড ব্যবহারের প্রমাণ মিলেছে। এসব কর্মকাণ্ডকে চুক্তির শর্ত ভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ আরও বলেন, “কাজের গুণগত মানে কোনো আপস করা হবে না। ইতোমধ্যে ত্রুটিপূর্ণ সকল কাজ বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সকল অনিয়ম দূর করে পুনরায় নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয়দের মধ্যে প্রকল্পের কাজের মান নিয়ে উদ্বেগ থাকলেও কর্তৃপক্ষের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

উপজেলা প্রকৌশল কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিত করতে তদারকি আরও জোরদার করা হবে।

আজকালের কন্ঠ/আর এস