
পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
দুমকি থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কের ওপর কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল নোমান পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। আজ আসামীকে পরবর্তী আইনী পদক্ষেপের জন্য আদালতে প্রেরণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :