ময়মনসিংহে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি | Daily AjKaler Kontho

ময়মনসিংহে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি


জামাল খান , ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি

ময়মনসিংহে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা-মোঃ আব্দুল মজিদ, সাং-কেওয়াটখালী রেলকলোনী, ওয়ার্ড নং-২০, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার অভিযোগ, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতির একটি সংবাদ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করার পর থেকেই তিনি হুমকির মুখে পড়েন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ইমরান মেহেদী হাসান (৪০), পিতা-সাইফুল ইসলাম, সাং-নওধার, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন গত তিনদিন ধরে বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন। তারা উক্ত পোস্ট মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন এবং তা না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন চরপাড়া নয়াপাড়া মোড় এলাকায় একটি নির্জন সড়কে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার পথরোধ করা হয়। এসময় অভিযুক্তরা বাঁশ ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মাথার ডান পাশে গুরুতর জখম করে।

অভিযোগে আরও বলা হয়, প্রধান অভিযুক্ত ইমরান মেহেদী হাসান তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পেছনে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। একপর্যায়ে প্রাণভয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

হামলার সময় অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। একই সঙ্গে তারা তার ব্যবহৃত ইনফিনিক্স ব্র্যান্ডের একটি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে যায়, যাতে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংরক্ষিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আহত অবস্থায় সোহেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি আলোচনা করে তিনি কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে এবং তদন্তে তারা সত্যতা প্রমাণ করতে পারবেন। অভিযুক্তরা এলাকার উশৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ভবিষ্যতে তার জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস