
দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সরহদ্দ সুবর্ণখুলি মকসেদ হাজীপাড়া গ্রামে জমির উদ্দিন সরকার পাড়া জামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন, বুলু মিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল (রবিবার) আনুমানিক বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. মাসুদা বেগমের স্বামী মো. খাদেমুল ইসলাম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুল হক ও তার স্ত্রী নুরায়না আক্তার নূরীর পরামর্শে এ ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দা মো নজরুল ইসলাম ও ময়েজউদ্দিন ।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, মসজিদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যমতে, অভিযুক্ত কফিল উদ্দিনের পিতা মৃত খয়রাত হোসেন প্রথমে জমিটি তার ছেলের নামে লিখে দেন। তবে পরবর্তীতে পারিবারিক আর্থিক সংকটের কারণে ছেলের নাবালক অবস্থায় তিনি জমিটি পার্শ্ববর্তী এলাকার আনোয়ার হোসেনের নিকট বিক্রি করেন। পরে আনোয়ার হোসেন জমিটি ১২ বছর ভোগ দখল করেন। পরবর্তীতে আনোয়ার হোসেন নিজের নামে নামজারিসহ খাজনা খারিজ করিয়া করলে মোঃ মাসুদুজ্জামান সরকারে নিকট বিক্রি করেন।
মোঃ মাসুদুজ্জামান সরকার নিজ নামে নামজারিসহ খাজনা প্রদান করে জমির উদ্দিন সরকার পাড়া মসজিদের নামে সাব কবলা দলিল মূলে দান করিয়া দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত কফিল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :