
নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিলেন। এসময় শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।
এরপর ঘটনাটি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান। একইসেঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এসময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরপর একইদিন রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোনটি ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক জানান, শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গভার্ডিং বডির জরুরি মিটিংয়ে বৃহস্পতিবার রাতেই প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও স্যার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :